আজ মঙ্গলবার দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে আসাদুল ইসলামকে আটক করে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম রাজধানীর লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচ ম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।
অভিযোগে বলা হয়েছে, আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরার অনুরোধ করেন অভিযোগকারী।
এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ ফাঁদ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে আটক করা হয়।
অভিযানে অংশ নেওয়া দুদকের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 



























