এ জন্য শিক্ষার্থীদের দোষ দেওয়া ঠিক কাজ হবে না। বরং শিক্ষাব্যবস্থার দায়ও কম নয়। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কি সত্যিকার অর্থে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহী করে তুলতে পারছে? শিক্ষকেরা কি প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা শনাক্ত করে তা কাটিয়ে ওঠার উদ্যোগ নিচ্ছেন? নাকি ক্লাস নেওয়া, পরীক্ষা আয়োজন এবং ফলাফল প্রকাশের আনুষ্ঠানিকতার মধ্যেই শিক্ষার দায়িত্ব সীমাবদ্ধ হয়ে পড়েছে? বাস্তবতা হলো, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও তদারকির ঘাটতি রয়েছে। কোথাও শিক্ষকসংকট, কোথাও আবার কোচিংনির্ভর শিক্ষাব্যবস্থার দৌরাত্ম্য। শ্রেণিকক্ষের পাঠের চেয়ে কোচিং ও প্রাইভেটের ওপর নির্ভরতা বাড়ছে। অথচ একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব শিক্ষার্থীকে শেখানো। সেই দায়িত্ব যদি শিক্ষা ব্যবসায় পরিণত হয়, তাহলে বিদ্যালয় ও কলেজের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠা স্বাভাবিক।
এ বছরের ফলাফলে ইংরেজিতে অধিকাংশ শিক্ষার্থী ফেল করেছে। এত বছর ধরে ইংরেজি পড়ার পরও যদি বিপুলসংখ্যক শিক্ষার্থী এই বিষয়ে প্রত্যাশিত দক্ষতা অর্জন করতে না পারে, তবে দায় শুধু শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া কি ঠিক? ইংরেজি শিক্ষার ভুল পদ্ধতির কারণে শিক্ষার্থীরা ভাষাটি ভালোভাবে রপ্ত করতে পারছে না।
অভিভাবকদের ভূমিকাও এখানে কম গুরুত্বপূর্ণ নয়। অনেক পরিবারে সন্তানকে ভালো ফল করার জন্য চাপ দেওয়া হয়, কিন্তু নিয়মিত পড়াশোনার পরিবেশ তৈরি করা হয় না। সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেওয়া হয়, কিন্তু তার ব্যবহার তদারকি করা হয় না। পরীক্ষার আগে ফল নিয়ে উদ্বেগ বাড়ে, অথচ সারা বছর পড়াশোনার অগ্রগতি নিয়ে খোঁজ নেওয়া হয় না। সন্তান কী শিখছে, কোথায় দুর্বল, কেন পড়তে বসতে চাইছে না—এসব প্রশ্নের চেয়ে কত জিপিএ পাবে, সেটিই বড় হয়ে ওঠে। এই মানসিকতা বদলানো জরুরি।
এইচএসসির ফলাফল আমাদের সামনে একটি সতর্কবার্তা তুলে ধরেছে। এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনে সংকট আরও বাড়বে। শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা দূর করতে হবে, শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে, অভিভাবকদের সচেতন হতে হবে এবং শিক্ষাব্যবস্থাকে জবাবদিহির আওতায় আনতে হবে। যে দেশে লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেও প্রত্যাশিত ফল অর্জন করতে পারছে না, সেই দেশে ব্যর্থতার দায় কি শুধু শিক্ষার্থীদের? নাকি এই ব্যর্থতার অংশীদার পুরো শিক্ষাব্যবস্থার? শিক্ষার্থীদের দায় আছে, কিন্তু দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদেরও। একটি জাতির শিক্ষাব্যবস্থা যখন ব্যর্থতার মুখে পড়ে, তখন শুধু শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করিয়ে সমস্যার সমাধান হয় না। আয়নায় নিজেদের মুখ দেখার সাহসটুকুও থাকতে হয়। ফলাফল শিক্ষাব্যবস্থার সক্ষমতার আয়না। সেই আয়নায় এবার যে চেহারা দেখা গেছে, তা উপেক্ষা করার অর্থ ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে প্রতারণা করা।

দৈনিক টার্গেট 




















