বিলবোর্ডের প্রতিবেদন অনুযায়ী, সংগীত, টেলিভিশন ও ফ্যাশন জগতে জিসুর দারুণ সফল একটি বছর পার করার পর এজেন্সিটি তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি করেছে। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসভিত্তিক ডব্লিউএমই বিশ্বব্যাপী ব্রুনো মার্স, অ্যাডেলে, রিয়ানা, বিলি আইলিশ, কোল্ডপ্লে, অলিভিয়া রদ্রিগোর মতো প্রথম সারির সংগীতশিল্পী থেকে শুরু করে অভিনয়শিল্পী ও ক্রীড়াবিদদের প্রতিনিধিত্ব করে থাকে।
ব্ল্যাকপিঙ্কের তৃতীয় সদস্য হিসেবে ডব্লিউএমইতে যোগ দিলেন জিসু। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে তাঁর ব্যান্ডমেট লিসা চলচ্চিত্র ও টেলিভিশনের কাজের জন্য এবং ওই বছরের ডিসেম্বরে আরেক সদস্য রোজে তাঁর সংগীত ক্যারিয়ারের সব ধরনের কাজের প্রতিনিধিত্বের জন্য এই এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হন।
ডব্লিউএমইর সঙ্গে এই চুক্তির খবর এমন সময়ে এল, যখন জিসু তাঁর ক্যারিয়ারের প্রথম একক পূর্ণাঙ্গ স্টুডিও অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। গত ৪ সেপ্টেম্বর তিনি অ্যালবামের প্রথম প্রি-রিলিজ সিঙ্গেল ‘ক্লিক’ প্রকাশ করেন। এরপর গত ৩০ অক্টোবর মুক্তি পায় অ্যালবামের দ্বিতীয় গান ‘অ্যাডিক্টেড’। তবে অ্যালবামের নাম ও মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সংগীতের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন জিসু। ২০২৫ সালে তিনি ‘নিউতোপিয়া’ সিরিজ এবং ‘অমনিসিয়েন্ট রিডার: দ্য প্রফেসি’ সিনেমায় অভিনয়
করেন। গত মার্চে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিরিজ ‘বয়ফ্রেন্ড
অন ডিমান্ড’-এ অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি। ডব্লিউএমইর সঙ্গে যুক্ত
হওয়ার ফলে বিশ্বমঞ্চে জিসুর একক ক্যারিয়ার আরও নতুন উচ্চতায় পৌঁছাবে,
এমন আশা ব্যক্ত করছেন তাঁর ভক্তরা।

দৈনিক টার্গেট 


























