খুলনার কয়রা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক শেখ হারুন অর রশীদকে সভাপতি এবং এনটিভি অনলাইনের সাংবাদিক তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকেলে কয়রা প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল এবং পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার বিষয়ে মতামত প্রদান করেন। আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক ও মোঃ আলাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নিতিশ সানা ও মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান এবং প্রচার সম্পাদক হিসেবে মোস্তফা রেজওয়ানুল করিম দায়িত্ব পালন করবেন।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জি এম মওলা বক্স, সদর উদ্দিন আহমেদ, শেখ সিরাজুদৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দিন এবং কামাল হোসেনসহ আরও কয়েকজন সক্রিয় সদস্য।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমের দায়িত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থ রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। নতুন কমিটি এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি শেখ হারুন অর রশীদ তার বক্তব্যে বলেন, কয়রা প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা চান। তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অপরদিকে সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, প্রেসক্লাবের কার্যক্রমকে আধুনিক ও সময়োপযোগী করতে তিনি কাজ করবেন। পাশাপাশি তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
নবগঠিত এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে এবং স্থানীয় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেখ সিরাজউদ্দৌলা লিংকন 

























