ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশ ও শিশুদের প্রাণচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠেছিল ব্রাহ্মণবাড়িয়ার উলচাপাড়া মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্পের সমাপনী, পুরস্কার বিতরণী এবং Brahmanbaria Shishu Natyam-এর ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শনিবার (২৩ মে) আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু-কিশোর শিল্পীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিশু নাট্যমের শিক্ষার্থীরা। পরে সংগঠনের চার দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয় এবং আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য Khaled Hossain Mahbub Shyamal। তিনি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং সংগঠনের দীর্ঘ পথচলার প্রশংসা করেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের সভাপতিত্বে এবং শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক তাসনিয়া সুলতানা এনি, ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক মির্জা গালিব, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজম, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিশু নাট্যমের উপদেষ্টা আসাদুর রহমান আলমগীর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে শিশু নাট্যমের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক, ডাঃ নাবিল, ইফরাদ হোসেন মাহবুব সাজিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, কবি-সাহিত্যিক এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা সত্ত্বেও শিশু নাট্যম শিশুদের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, একটি সমাজকে মানবিক ও সৃজনশীল করে গড়ে তুলতে শিশুদের সংস্কৃতি চর্চার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও মনন বিকাশে ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক শিশু লাইব্রেরি প্রতিষ্ঠারও আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু নাট্যম দীর্ঘদিন ধরে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত রেখে ইতিবাচক সামাজিক পরিবর্তনে অবদান রাখছে।
তিন দিনব্যাপী আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিশুরা চিত্রাঙ্কন, আবৃত্তি, গান, নৃত্য ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেয়। সমাপনী দিনে ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবের আমেজ, শিশুদের হাসি-আনন্দ আর রঙিন আয়োজনের ব্যস্ততা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, আগামী দিনেও শিশুদের সৃজনশীল বিকাশে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল হৃদয়, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ 






















