আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলা সদরের আমছড়াপাড়া এলাকায় কৃষি ব্যাংকসংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির এক ভাড়াটিয়া সকালে রান্না শেষে ঘর থেকে বাইরে কাজে যান। কিছুক্ষণ পর তাঁর রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাড়িটির সবকিছু পুড়ে যায়।
রাজস্থলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বাড়িটি পুরনো বেড়া ও টিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে আগুন আশপাশের অন্য কোনো বাড়িতে ছড়িয়ে পড়েনি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আটটি ভাড়াটিয়া পরিবার ও বাড়ির মালিকের প্রায় ১৬ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে। বসতঘর ও ঘরের মালামাল হারিয়ে পরিবারগুলো দুর্ভোগে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

দৈনিক টার্গেট 






















