মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে শাখা ছাত্রশিবির আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানান তাঁরা।
মানববন্ধনে নেতারা বলেন, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত রাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার ও প্রত্যাশা পূরণের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সিনেট কার্যকর করা প্রয়োজন।
মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ‘রাকসুর নতুন তফসিল ঘোষণার দাবিতে আমরা প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। তখন যথাসময়ে তফসিল ঘোষণা করা না হলে মাঠপর্যায়ে কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা মানববন্ধন করছি।’
তিনি বলেন, ‘এরপরও যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের শুভবুদ্ধির উদয় না হয়, তফসিল ঘোষণার উদ্যোগ না নেয় এবং নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব বলেন, ‘ভর্তি পরীক্ষার সঙ্গে রাকসুর তফসিল ঘোষণার বিষয়টি কীভাবে সম্পর্কিত, তা আমাদের বোধগম্য নয়। গত এক বছরে রাকসুর মাধ্যমে শিক্ষার্থীদের যেসব অধিকার নিশ্চিত হয়েছে, বিগত ৩৫ বছরে তা সম্ভব হয়নি। দীর্ঘ সময় পর রাকসু সচল হওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যে জড়তা কেটেছে, তা কোনো প্রশাসন বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে—এমনটা কেউ যেন স্বপ্নেও না ভাবে।’
শহীদ হবিবুর রহমান হল সংসদের সাবেক ভিপি আহসানউল্লাহ ফারহান বলেন, ‘নির্বাচনে ২৮০টি পদে হেরেছেন বলেই যে ভবিষ্যতে আর জেতা যাবে না, বিষয়টি এমন নয়। চেষ্টা করলে আগামীতে অন্যান্য দলও কিছু পদে জয়ী হতে পারে। কিন্তু তা না করে চক্রান্তের মাধ্যমে রাকসু বন্ধের চেষ্টা করা হলে সাধারণ শিক্ষার্থীরা তা মেনে নেবে না।’
মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক টার্গেট 






















