আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে। আবার ভারতে অবস্থানরত শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আবেদন করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি আইনি সংস্থা।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা যেহেতু নিজেই দেশে আসতে চান, সেহেতু তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা নয়।’
শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা? এ বিষয়ে সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে এক্সট্রেডাইট (প্রত্যর্পণ) করতে চাই, উনাকে ধরে আনতে চাই। এখন উনি তো নিজেই আসতে চান। এক্সট্রাডিশন নিয়ে যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না। আমরা এক্সট্রাডাইট করব, ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান। সো, লিগাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।’
পাসপোর্ট চেয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে বলে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, ‘তাদের কোনো একটা কৌশল হতে পারে। আমাদের দিল্লির প্রেস মিনিস্টার আমাদেরকে ক্লিয়ারলি জানিয়েছেন যে ল ফার্ম থেকে একটা চিঠি পেয়েছেন। কিন্তু তিনি কোনো আবেদন করেননি। উনি ওখানে আছেন, এটা ভারত সরকার নিজে স্বীকার করেছে। উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সাথে সাথে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। আবারও বলছি, লিগ্যাল প্রসেস আর থাকার কথা না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে আসতে আগ্রহী।’
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া সম্পর্কে জাহেদ উর রহমান বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। কোনো অপরাধী অন্য দেশে পালিয়ে গেলে এবং তাঁর অবস্থান সম্পর্কে তথ্য থাকলে চুক্তি অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানোর সুযোগ রয়েছে।’

দৈনিক টার্গেট 


























