আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মাঝিগাছা (ফারুকী হাউজ) এলাকার শাহজালালের ছেলে জাহিদ হাসান (১৯), ৮ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার (গয়ামবাগিচা) এলাকার সোহাগ মিয়ার ছেলে মাসুম বিল্লাল (২১), আদর্শ সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মাহালমের ছেলে মো. জাহিদ (২২) এবং মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার মৃত জসিমের ছেলে জীবন ওরফে সাগর (২২)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে নগরীর টমছম ব্রিজের ইবনে সিনা ডি-ল্যাব সংলগ্ন এলাকা থেকে ভাইরাল ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত জাহিদ হাসান ও জীবনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আজ সকালে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

দৈনিক টার্গেট 


























