মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। সেখানে তাঁরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে জড়ো হন।
পরে মিছিলটি চৌরঙ্গী মোড় থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়। এরপর মিছিলটি আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে আসে।
এ সময় পুলিশ সদস্যরা তাঁদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহত ব্যক্তিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক টার্গেট 

























