নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভোররাতে সংঘটিত এ ঘটনায় অস্ত্রের মুখে জিম্মি করে দায়িত্বে থাকা কর্মীদের অসহায় অবস্থায় ফেলে বিপুল পরিমাণ মূল্যবান যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রোববার (২৬ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীন ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি সাবস্টেশনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ৫ থেকে ৬ জনের একটি সংঘবদ্ধ চক্র হঠাৎ করেই উপকেন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত লাইনম্যান ও নিরাপত্তা প্রহরীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেয়।
এরপর উপকেন্দ্রের গুরুত্বপূর্ণ অংশ থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেলের ক্যাবল এবং রাইজারের তার খুলে নেয় দুর্বৃত্তরা। লুট হওয়া এসব সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে। পুরো ঘটনাটি ঘটে অল্প সময়ের মধ্যেই, ফলে কর্মীরা প্রতিরোধের কোনো সুযোগ পাননি।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রাম বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এতে ভোর থেকে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
দৈনিক টার্গেট 



















