আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার মো. শাওন (৩৯)।
এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এপিবিএন জানায়, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন বলে জানা গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করা হয়।
মো. বশির আহমেদ আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান চলবে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এপিবিএনের ভাষ্য, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি (১) (বি) ও ২৫ডি ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

দৈনিক টার্গেট 

























