নিলামে কেবল দুটি প্রতিষ্ঠান অংশ নেয়—নিউ ইয়র্কভিত্তিক ওয়েটস্টোন ইউএস ভেনচার্স এবং নরওয়ের অ্যাডেপথ মিনারেলস। এর মধ্যে ওয়েটস্টোন ইউএস ভেনচার্স ৬ মিলিয়ন ডলারের (৬০ লাখ ডলার) সর্বোচ্চ দর হাঁকিয়ে সমুদ্রতলের ইজারা লুফে নেয়। এই ইজারার অধীনে কোম্পানিটি সমুদ্রতলের ম্যাপিং ও প্রাথমিক অন্যান্য অনুসন্ধান করতে পারবে। তবে এখনো সরাসরি ধাতু বা খনিজ উত্তোলন শুরু করার অনুমতি পায়নি।
গভীর সমুদ্রের তলদেশে থাকা ‘নোডিউলস’ বা খনিজ পিণ্ড কুড়িয়ে নেওয়ার জন্যই মূলত এই নিলাম। এসব খনিজ কোবাল্ট, নিকেল ও ম্যাঙ্গানিজের মতো অতি মূল্যবান ধাতুতে সমৃদ্ধ, যা বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং ক্লিন-এনার্জি প্রযুক্তি তৈরিতে অপরিহার্য।
ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিদের দাবি, এই ইজারা মার্কিন শিল্পের জন্য ক্রিটিক্যাল মিনারেলসের জোগান নিশ্চিত করবে। মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাইকেল ওলসেন বলেন, আমাদের অফশোর জ্বালানি কৌশল বাস্তবায়নে এই ইজারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ফেডারেল জলসীমায় কতটা সম্পদ রয়েছে তা পরিমাপ করা সম্ভব হবে।
ট্রাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, যার উদ্দেশ্য ছিল খনি কোম্পানিগুলোর জন্য অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত করা।
তবে গভীর সমুদ্রে খনি উত্তোলনের বিরোধিতা করছে বিশ্বের ৪৫ টিরও বেশি দেশ এবং পরিবেশবাদী সংগঠনগুলো। খনি উত্তোলনের ভারী যন্ত্রপাতির কারণে সমুদ্রতলে তৈরি হওয়া পলির মারাত্মক মেঘ সমুদ্রের তলদেশের বিরল বাস্তুতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে বলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন।
এ ছাড়া যে এলাকায় ইজারার জায়গাটি অবস্থিত, সেটি সংরক্ষিত ‘রোজ অ্যাটল ন্যাশনাল মেরিন মনুমেন্ট’-এর একদম পাশে। ১৩,৫০০ বর্গমাইলের এই সংরক্ষিত অঞ্চলে বিরল গোলাপি প্রবাল প্রাচীর, সামুদ্রিক কচ্ছপ, তিমি এবং ২৫০ টিরও বেশি প্রজাতির মাছ ও সামুদ্রিক পাখির আবাসস্থল রয়েছে।
তবে ইজারা পেলেও ওয়েটস্টোনকে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। গত সোমবার হাওয়াই ডিস্ট্রিক্ট কোর্টের জাজ জিল ওতাকে রায় দেন, পরিবেশ রক্ষা ও বিপন্ন প্রজাতির প্রাণীর সম্ভাব্য ক্ষতি পর্যালোচনা না করেই ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস এই নিলাম অনুমোদন করেছে, যা বিলুপ্তপ্রায় প্রজাতি আইনের স্পষ্ট লঙ্ঘন।
ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিল (এনআরডিসি) এবং আমেরিকান সামোয়ার যুব সংগঠন ‘ফিনাফিনাও’ যৌথভাবে মেরিন মিনারেলস অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে হাওয়াইয়ের আদালতে মামলা করেছে।
যদিও ২০২৪ সালে আমেরিকান সামোয়া কর্তৃপক্ষ স্থানীয় জলসীমায় গভীর সমুদ্রে খনি খনন নিষিদ্ধ করেছিল, তবে অঞ্চলটির বর্তমান প্রতিনিধি ও নেতাদের মধ্যে এটি নিয়ে মতবিরোধ রয়েছে। আমেরিকান সামোয়ার গভর্নর পুলাআলিয়ি নিকোলাও পুলা নিলামের বিষয়টিকে সমর্থন করলেও, ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অঞ্চলটির প্রতিনিধি আউমুয়া আমাতা কোলেম্যান রাডেওয়াগেন আদেশের তীব্র বিরোধিতা করে মহাসাগরীয় অঞ্চলে খনি খনন নিষিদ্ধে পুনরায় বিল আনার ঘোষণা দিয়েছেন।

দৈনিক টার্গেট 


























