বাচ্চু শেখ বাগেরহাটে বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাচ্চু শেখ রাস্তা পার হওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন তাঁর পথ আটকান। ছিনতাইকারীরা তাঁর হাতে থাকা ব্যাগ টান দিলে বাচ্চু সেটি ছাড়তে চাননি। এ সময় তিনি ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করেন। তখন ছিনতাইকারীরা ব্যাগ থেকে চাপাতি বের করে তাঁকে কোপানোর চেষ্টা করেন। আশপাশের লোকজনকেও চাপাতি দেখিয়ে ভয় দেখান তাঁরা।
একপর্যায়ে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দিলে বাচ্চু সরে যাওয়ার চেষ্টা করেন এবং রাস্তায় পড়ে যান। পরে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে দুটি মোটরসাইকেলে করে বাঁধাল-পিরোজপুর সড়কের দিকে পালিয়ে যান তাঁরা।
বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান জাবেদ এন্টারপ্রাইজের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর কুদরতী বলেন, তাঁদের ডিএসওরা বিকাশ এজেন্টদের নগদ টাকা ও ই-মানি সরবরাহ করেন। প্রতিদিনের মতো আজ সকালে অফিস থেকে টাকা নিয়ে সাইনবোর্ড বাজারে যান বাচ্চু। পথে কয়েকটি দোকানে লেনদেন শেষে মোটরসাইকেল রেখে একটি দোকানে যান। পরে রাস্তা পার হয়ে অন্য দোকানে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
হুমায়ুন কবীর কুদরতী আরও বলেন, বাচ্চু ব্যাগ ধরে রাখতে চাইলে দুর্বৃত্তরা তাঁকে চাপাতি দিয়ে কোপানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে কিছুটা ছিলে আহত হন। এরপরও তাঁকে কোপানোর চেষ্টা করে ব্যাগ নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। ব্যাগে আনুমানিক ৬ লাখ টাকা ছিল। লেনদেনের কারণে টাকার পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শোনা হয়েছে। ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের হেরেমের মোড় এলাকায় মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে বিকাশের এক ডিএসওর কাছ থেকে দুই লাখ টাকার বেশি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ছাড়া গত ২৮ অক্টোবর বাগেরহাট সদরের পুরোনো মাজার মোড় এলাকায় বাংলালিংকের এক বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ও অফিসের ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ১ সেপ্টেম্বর বাগেরহাটের ডাচ্-বাংলা ব্যাংক থেকে ছয় লাখ টাকা নিয়ে যাত্রাপুর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যাওয়ার পথে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের শিকার হন এক ব্যক্তি।
উল্লেখ্য, গত দুই মাসে জেলার চিতলমারীসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

দৈনিক টার্গেট 





















