আজ শুক্রবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, তরুণদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে শিক্ষায় বিনিয়োগ অপরিহার্য। চলতি বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
ড. মিলন আরও বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছেন। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের প্রধান শক্তি। তাই দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব হলো-এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা, যাঁরা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো কীভাবে জাতীয় উন্নয়নে কাজে লাগানো যায়, সেদিকেও নজর দিতে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী রজতজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭-২০৩০) ড. মো. সবুর খান।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।

দৈনিক টার্গেট 






















