‘এনএসএ নেট’ (NSA Net) নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় ও শ্রেণিবদ্ধ তথ্য আদান-প্রদান করেন। তবে এখন পর্যন্ত এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
নেটওয়ার্কটি অচল হওয়ার কারণ ও সমস্যার ব্যাপ্তি নির্ধারণে কাজ করছে সংস্থাটি। এ পরিস্থিতিতে কর্মীদের কর্মস্থলে প্রবেশের সময় পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল থাকলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বর্তমানে এয়ারফোর্স ওয়ানে করে এশিয়া সফর করছেন ট্রাম্প।
ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে রয়েছেন। আগামীকাল বুধবার চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। সেখানে চীনা নেতা সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকেই এ সমস্যার সূত্রপাত।
এদিকে গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমস মিটিং সেবায় প্রবেশ করতে পারেননি।
এনএসএ, এফএএ কিংবা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, প্রযুক্তিগত ব্যবস্থার সামান্য ত্রুটিও কীভাবে গুরুত্বপূর্ণ সেবা, আর্থিক বাজার, এমনকি জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

দৈনিক টার্গেট 



























