আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ১৫৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল আফগানিস্তান। তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় স্বাগতিকেরা। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। এ ছাড়া রহমানউল্লাহ ৩৪ এবং ৩০ করে রান করেন হাশমতউল্লাহ শাহীদি ও রহমত শাহ।
জিম্বাবুয়ের হয়ে বল হাতে সফল ভিনসেন্ট মাসেকেসা। ৫৪ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট এবং গ্রায়েম ক্রেমার নিয়েছেন ২ উইকেট। ফলে প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং করে ব্রেন্ডন টেলর ও ইনোসেন্ট কাইয়ার দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে জিম্বাবুয়ে। টেলর ২১৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১১৯ রানের অসাধারণ ইনিংস খেলেন। অন্যদিকে সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থাকতে আউট হন কাইয়া। ১৬৭ বলে ৯৬ রান করেন তিনি। এ ছাড়া বেন কারান করেন ৪৪ এবং ব্র্যাড ইভান্স অপরাজিত থাকেন ৩২ রানে।
আফগানিস্তানের হয়ে একাই ৭ উইকেট নিয়েছেন অভিষিক্ত স্পিনার নাসির খান মারুফখিল। ১৫১ রান খরচায় এই কীর্তি গড়েন তিনি। জিয়াউর রহমান নেন ২ উইকেট।
১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৬৯ রান তুলেছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ব্রেন্ডন টেলর। ৯০ বলের ইনিংসে পাঁচটি চার মারেন তিনি। ইনোসেন্ট কাইয়া ৩৩, অধিনায়ক ব্রায়ান বেনেট ২৮ এবং আন্তুম নাকভি ২০ রান করেন।
আফগানিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে জিয়াউর রহমান, মোহাম্মদ সেলিম ও ইয়ামিন আহমদজাই দুটি করে উইকেট নিয়েছেন। নাসির খান মারুফখিল পেয়েছেন একটি উইকেট। দিন শেষে তাফাদজওয়া সিগা ৮ রানে অপরাজিত। গ্রায়েম ক্রেমার এখনো রানের খাতা খুলতে পারেননি।

দৈনিক টার্গেট 



























