• ডিসেম্বরে ফেরার গুঞ্জন সামনে রেখে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার।
• এ পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, পরামর্শ বিশেষজ্ঞদের।
এই পরিস্থিতিতে সরকারকে সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, বিষয়টি নিয়ে রাজনৈতিক পক্ষগুলোর পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও তা মূলত বক্তব্য, সংসদীয় বিতর্ক ও শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। যদিও সংস্কার ইস্যুতে বিরোধী দল সাম্প্রতিক সময়ে তাঁদের কর্মসূচি জোরদার করেছে এবং দাবি আদায়ে গলার সুর চড়িয়ে হুমকির পর্যায়ে নিয়ে গেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁকে এই দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
আদালতের রায়ের পর ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। বিরোধী দলও এই দাবিতে সোচ্চার। এই অবস্থায় কয়েক মাস আগে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমকে জানান, আগামী ডিসেম্বরে তিনি দেশে ফিরতে চান।
এর মধ্যে গতকাল সোমবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স খবর দিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ নেতারা রয়টার্সকে বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারিত হবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর।
শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার খবর প্রকাশের পর সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বিএনপির সংসদীয় দলের সভায়ও বিষয়টি আলোচনায় আসে। সভা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্যদের রাজপথে থেকে ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ও ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন কিংবা তাঁকে কী প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে—এ বিষয়ে সরকারের দ্রুত ও সুস্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলতে থাকলে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সরকার ও বিরোধী দল—কোনো পক্ষই যেন এই ইস্যুকে রাজনৈতিক সুবিধা আদায়ের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাঁদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এখন একটা স্থিতিশীলতার মধ্যে দেশটা আছে। এই অবস্থা যেন কোনোভাবেই নষ্ট না হয়, এটা মাথায় রাখতে হবে। এটার মূল দায়িত্ব সরকারের।’
এই অধ্যাপক আরও বলেন, সব পক্ষই এখন রাজনৈতিকভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ কারণে সরকারকেই মূল ভূমিকা নিতে হবে। সরকারকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে কোনো পক্ষই পরিস্থিতিকে অস্থিতিশীল করার সুযোগ না পায়।

দৈনিক টার্গেট 



























