খুলনার কয়রায় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ অহিদুজ্জামান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১২০ পিস ইয়াবা এবং নগদ ৪ হাজার ৭৯০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কয়রা থানা পুলিশের একটি চৌকস দল নিয়মিত অভিযানে নামে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আমাদি ইউনিয়নের হরিণগর গ্রামে মাদক বেচাকেনা চলছে। সংবাদ পেয়ে পুলিশ ১ নম্বর আমাদি ইউনিয়নের হরিণগর গ্রামের নওশের আলী গাজীর ছেলে অহিদুজ্জামানের মুদি দোকানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে অহিদুজ্জামানের মুদি দোকান তল্লাশি করে তার কাছে থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭৯০ টাকা হাতেনাতে উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে কয়রা থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে খুলনা জেলা ও কয়রা থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত অহিদুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক ব্যবসার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম বলেন, “উপজেলায় মাদক নির্মূল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কয়রা অঞ্চলকে মাদকমুক্ত করতে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের সাথে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মুদি দোকানের আড়ালে অবৈধ মাদকের ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছিল। পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সচেতন মহল অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 
























