খুলনার কয়রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হরিণের মাংস ও অঙ্গপ্রত্যঙ্গ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা এবং একটি চামড়া। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোলখালী এলাকার সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। উদ্ধারকারী দলের উপস্থিতি টের পেয়ে চোরশিকারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তায় তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ মাথা, চামড়া ও পা উদ্ধার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা হরিণের মাংস ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে স্থানীয় কোবাদক ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান, বন আইন অনুযায়ী আদালতের নির্দেশনার ভিত্তিতে জব্দকৃত হরিণের মাংস, চামড়া, মাথা ও পা সুন্দরবন চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের যৌথ ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 
























