পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল। এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর থানার ভৈরমপুর এলাকার মিরুয়াপুল সংলগ্ন প্রচেষ্টা ডিপার্টমেন্টাল স্টোরের সামনে পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে গোয়েন্দা নজরদারি চলছিল। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের পর পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সহযোগীদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না। পাশাপাশি মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সমাজে অপরাধ কমবে এবং তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহতা থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে।
মোঃ আব্দুল খালেক 























