এ দিকে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ কের্চ সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কো-নিযুক্ত ওই অঞ্চলের গভর্নর এ কথা জানিয়েছেন।
মঙ্গলবার মধ্যরাতের কিছু আগে কিয়েভে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পর ক্লিচকো জানান, শহরের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যবস্থার’ ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, ‘শহরের কিছু এলাকায় পানি ও তাপ সরবরাহ ব্যাহত হচ্ছে।’
কর্মকর্তারা জানিয়েছেন, রাতভর হামলায় কিয়েভের মাটির ওপর দিয়ে চলাচলকারী মেট্রোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বেসামরিক নাগরিকদের বেসামরিক প্রতিরক্ষা আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিমান হামলার সময় কিয়েভের বাসিন্দারা সাধারণত শহরের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।
কিয়েভের পশ্চিম ও পূর্ব অংশকে যুক্ত করেছে দিনিপ্রো নদীর ওপর নির্মিত আটটি গুরুত্বপূর্ণ সেতু। আনুমানিক ৩০ লাখ বাসিন্দা শহরের এক অংশ থেকে অন্য অংশে যাতায়াতের জন্য এসব সেতুর ওপর নির্ভর করেন।
গত অক্টোবরেও রাশিয়ার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু।
অন্যদিকে, স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, চেরকাসি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন।
এ ছাড়া রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার সঙ্গে রাশিয়াকে যুক্ত করা কের্চ সেতুতে রাতভর আবারও হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। টেলিগ্রামে হামলার কথা জানিয়ে মস্কো-নিযুক্ত ওই অঞ্চলের গভর্নর সের্গেই আকসিওনভ বলেন, সেতুটির ওপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সেতুতে ইউক্রেনের বাহিনী এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে। ২০১৪ সালে উপদ্বীপটি আক্রমণ করে দখল ও সংযুক্ত করার পর রাশিয়া সেতুটি নির্মাণ করে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় দেশটির সামরিক বাহিনী ২ হাজার ৪৯টি ড্রোন ও দূরপাল্লার চারটি ফ্লামিঙ্গো ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের দাবি, এর মধ্যে প্রায় ৬০০টি ড্রোন শুধু রাজধানীর দিকে উড়ে এসেছিল।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, সোমবার রাতে দেশটিতে আরও হামলা চালাতে পারে মস্কো। দীর্ঘদিনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তাদের মধ্যে আরও এক দফা আলোচনা হওয়ার পর তিনি এ সতর্কবার্তা দেন।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের দূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, ইউক্রেনকে ‘শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নিরাপত্তার নিশ্চয়তা’ দেওয়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়ার পথ তৈরি করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, ন্যাটো ‘ইউরোপের নিরাপত্তার গুরুত্বপূর্ণ স্তম্ভ’ হিসেবে থাকবে। শিগগিরই আরেকটি বহুপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সোমবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, বৈঠকটি ‘কঠিন’ ছিল। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
জেলেনস্কি বলেন, মস্কোর সঙ্গে আলোচনায় অংশ নেবে এমন পূর্ণাঙ্গ প্রতিনিধিদল এবারই প্রথম ইউরোপের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছে। প্রতিনিধিদলে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো।
যেকোনো শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকায় শান্তি আলোচনায় ইউরোপের প্রতিনিধিদের অংশগ্রহণ জরুরি।
জেলেনস্কি আরও বলেন, উত্তর কোরিয়া থেকে প্রতি মাসে ‘কয়েক ডজন ক্ষেপণাস্ত্র’ পাচ্ছে মস্কো।
এদিকে, ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে দেশটির দক্ষিণাঞ্চলের কামিশুভাখা গ্রামে রাশিয়ার হামলায় নিহত মানুষের চূড়ান্ত সংখ্যা বেড়ে ৭২ হয়েছে।
বোমা হামলার পরও চারজন নিখোঁজ রয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর এটি একক কোনো হামলায় সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি।
নিহত এক পুলিশ কর্মকর্তার ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায়, ২ নভেম্বর প্রথম হামলার পর স্থানীয় বাসিন্দারা ভূগর্ভস্থ একটি আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আশ্রয়কেন্দ্রটিতে আঘাত হানার পর আগুনের শিখা দেখা যায়। ইউক্রেনের পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তা, ‘জিমনেসিয়ামের কর্মী, পৌরসেবার কর্মী ও চিকিৎসাকর্মীরা’ রয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ এলাকা রাশিয়ার দখলে রয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসের যেসব এলাকা এখনো কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো ছেড়ে দেওয়ার জন্য পুতিনের দাবি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

দৈনিক টার্গেট 
























