গতকাল রোববার ইয়াশার ও নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রতিনিধিদের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই পক্ষের যৌথ বিবৃতিতে আলোচনার পরিবেশকে ‘পেশাদার ও গঠনমূলক’ হিসেবে উল্লেখ করা হলেও সরকার গঠনের বিষয়ে কোনো অগ্রগতির কথা জানানো হয়নি। বরং প্রধানমন্ত্রী পদ নিয়ে বিরোধের কারণে আলোচনা অচলাবস্থায় রয়েছে। লিকুদ ও ইয়াশার—কোনো পক্ষই অন্য পক্ষের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে রাজি নয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য বৃহত্তর জোট গঠনে ওৎজমা ইয়েহুদিতকে বাদ দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা আইজেনকটকে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, যুক্তরাষ্ট্রও বেন গভিরের দলকে সম্ভাব্য সরকার থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। তবে প্রকাশ্যে নেতানিয়াহু এখনো তার সব হারেদি ও কট্টর জাতীয়তাবাদী মিত্রকে ভবিষ্যৎ সরকারে অন্তর্ভুক্ত করার অবস্থানে অনড় রয়েছেন।
বৈঠকে লিকুদের প্রতিনিধিরা ইয়াশারকে নেসেটের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনীত করার সিদ্ধান্ত স্থগিত রাখার অনুরোধ জানান। তবে ইয়াশার তা প্রত্যাখ্যান করে জানায়, বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের ভোট মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, লিকুদ প্রতিনিধিদের উদ্দেশে ইয়াশারের জ্যেষ্ঠ সংসদ সদস্য চিলি ট্রপার বলেন, ‘যেকোনো পরিস্থিতিতেই একটি সরকার গঠনে আইজেনকট দৃঢ়প্রতিজ্ঞ। বিষয়টি আপনাদের উপলব্ধি করা উচিত।’ ইয়াশারের এক সূত্রের দাবি, লিকুদ এখনো বুঝতে পারছে না যে তারা নির্বাচনে পরাজিত হয়েছে।
অন্যদিকে, সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, লিকুদের প্রতিনিধিরা মনে করছেন, ইয়াশার ও নাফতালি বেনেতের বিয়াচাদ পার্টির প্রতিনিধিরা কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বৈঠকে অংশ নিয়েছেন। তাদের ধারণা, প্রতিনিধিরা আগে থেকে তৈরি করা বক্তব্য পড়ে শুনিয়েছেন, যা প্রকৃত সমঝোতার কোনো ইঙ্গিত বহন করে না। লিকুদ আলোচনায় জানায়, নেতানিয়াহুর জোটের কোনো দলকেই জাতীয় ঐক্য সরকার থেকে বাদ দেওয়া উচিত হবে না। এমনকি বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি এবং বেন গভিরের ওৎজমা ইয়েহুদিতকেও অন্তর্ভুক্ত রাখার পক্ষে অবস্থান নেয় দলটি।
তবে ঐক্য সরকার গঠনের উদ্যোগে আইজেনকটের জোটের ভেতরেই মতবিরোধ রয়েছে। ডেমোক্র্যাটস পার্টি প্রকাশ্যেই লিকুদের সঙ্গে আলোচনার বিরোধিতা করেছে। ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লাইবারম্যানও নেতানিয়াহুর সঙ্গে আলোচনাকে ফাঁদ হিসেবে অভিহিত করেছেন। চ্যানেল ১৩-এর প্রতিবেদন অনুযায়ী, তিনি আইজেনকটকে বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো নেতানিয়াহুর যুগের অবসান ঘটানো। তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখার কোনো আগ্রহ আমাদের নেই।’
লিবারম্যান আরও বলেন, ‘এটি কোনো জাতীয় ঐক্য সরকার নয়; এটি আইজেনকটের জন্য একটি ফাঁদ। নেতানিয়াহুর যুগ শেষ হওয়ার পর লিকুদের সঙ্গে সহযোগিতা করতে আমাদের আপত্তি নেই।’
তবে বিয়াচাদ পার্টির নেতা নাফতালি বেনেট চান, আইজেনকটের জোট নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক। চ্যানেল ১২ জানিয়েছে, সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হতে হবে আইজেনকটকে—এ শর্তে অনড় বেনেত। আরব সংখ্যাগরিষ্ঠ কিংবা হারেদি দলগুলোর সঙ্গে জোট গঠনের তুলনায় নেতানিয়াহুর সঙ্গে সরকার গঠনকেই তিনি বেশি পছন্দ করেন। তবে জোটের অন্য শরিকদের ছাড়া তিনি লিকুদের সঙ্গে সরকারে যাবেন না।
এদিকে, আরব নেতৃত্বাধীন রা’আম ও জয়েন্ট লিস্ট পার্টির সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করেছেন লিবারম্যান। তবে হারেদি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে তিনি নমনীয় অবস্থান নিয়েছেন। এ ক্ষেত্রে হারেদি পুরুষদের বাধ্যতামূলক সামরিক নিয়োগের জন্য বিস্তৃত আইন প্রণয়নের দীর্ঘদিনের দাবি থেকে ছাড় দিতে তিনি প্রস্তুত রয়েছেন।
বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহুর সঙ্গে আলোচনার মূল উদ্দেশ্য সমঝোতায় পৌঁছানো না-ও হতে পারে। বরং অন্য বিকল্পের দিকে যাওয়ার আগে আইজেনকট যে জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করেছেন, তা প্রমাণ করাই এর লক্ষ্য হতে পারে। বিকল্প হিসেবে রয়েছে অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট অথবা আরব সংখ্যাগরিষ্ঠ দল রা’আম ও জয়েন্ট লিস্টের সমর্থনে সংখ্যালঘু সরকার গঠন।

দৈনিক টার্গেট 


























