চলতি বছরের মে মাসে এই প্রাদুর্ভাব শুরু হয়। জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবে পরিণত হয়। বর্তমানে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৪৮ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া কেনিয়া, নাইজেরিয়া ও উগান্ডায়ও ইবোলায় আক্রান্ত হওয়ার ঘটনা নিশ্চিত হয়েছে।
জাতিসংঘের (ইউএন) তথ্য অনুযায়ী, এটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের ইতিহাসে ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। প্রাণহানির দিক থেকে এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব।
সংস্থাটি আরও জানিয়েছে, আক্রান্তদের শনাক্ত করতে পরীক্ষা এবং চিকিৎসা কার্যক্রম চলছে। পাশাপাশি ইবোলার টিকা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালও চলছে।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমান প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলা ভাইরাসের বান্দিবুগিও প্রজাতি। তবে এই প্রজাতির ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো চিকিৎসা বা টিকা আবিষ্কৃত হয়নি।
জাতিসংঘ জানিয়েছে, এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার সবচেয়ে প্রাণঘাতী প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। সে সময় ২ হাজার ২৯৯ জনের মৃত্যু হয়।
ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ওই প্রাদুর্ভাবে ১১ হাজার ৩২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছিল ভাইরাসটি। এর মধ্যে ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও ছিল।
জাতিসংঘ সতর্ক করে বলেছে, বর্তমান প্রাদুর্ভাবে আগের তুলনায় অনেক দ্রুতগতিতে মানুষের মৃত্যু হচ্ছে।
ইবোলা একটি বিরল ও প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। এ রোগের উপসর্গ হঠাৎ করেই দেখা দেয়। রোগের অবস্থা গুরুতর হলে বমি ও ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হয়ে যেতে পারে। কিছু রোগীর শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণ হয়, তবে সবার ক্ষেত্রে এমনটি ঘটে না। আক্রান্ত ব্যক্তির রক্ত বা বমির মতো শরীরের সংক্রমিত তরলের সংস্পর্শে এলে একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ভাইরাসটি ছড়াতে পারে।
চলতি সপ্তাহের শুরুতে ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় হামলার শিকার হন এক নার্স ও আরেক স্বাস্থ্যকর্মী। এতে এক নার্স নিহত হন এবং অন্য স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হন। জাতিসংঘের সহায়তাপুষ্ট রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, স্থানীয় কয়েকজন তরুণ তাঁদের বিরুদ্ধে পানির উৎস দূষিত করা এবং ভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে হামলা চালান।
উগান্ডায় প্রাদুর্ভাব শুরুর কিছুদিনের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং ২০ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। তবে আগস্টের পর থেকে দেশটিতে নতুন করে আক্রান্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে উগান্ডায় প্রবেশকারীদের ওপর এখনো ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ বহাল রয়েছে।
কেনিয়ায় এ পর্যন্ত ৯ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নাইজেরিয়ার রোগনিয়ন্ত্রণ কেন্দ্র শনিবার জানিয়েছে, দেশটিতে ইবোলায় আক্রান্ত হওয়ার সন্দেহে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের আলাদা করে রাখা হয়েছে এবং পরীক্ষা চলছে।
এর আগে অক্টোবরের শুরুতে নাইজেরিয়ায় এক নারীর শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে সুইজারল্যান্ডে নেওয়া হয়। ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে, ইউরোপের মানুষের ইবোলায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ‘খুবই কম’।

দৈনিক টার্গেট 



























