লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, সাঁজোয়া সরঞ্জামে সজ্জিত এসআরজি ইউনিটে এনওয়াইপিডির ৫০০ জন উচ্চ প্রশিক্ষিত কর্মকর্তা কাজ করছেন। নিউইয়র্ক সিটিতে বিভিন্ন বিক্ষোভের সময় তাদের ‘ভিড় নিয়ন্ত্রণের কৌশল’ এবং ব্যাপক ধরপাকড়ের জন্য ইউনিটটি ব্যাপকভাবে সমালোচিত ও কুখ্যাত হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ইউনিটটির সদস্যরা লাঠি, কাঁদানে গ্যাস, পিপার স্প্রে এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করেন, যেগুলোকে তারা উত্তেজনা প্রশমনের সরঞ্জাম হিসেবে অভিহিত করে।
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের তীব্রতম সময়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভের সময় এসআরজি বিশেষভাবে সমালোচনার মুখে পড়ে। নিউইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিক্ষোভকে আরও নিরাপদ করবে এবং আরও বেশি নিউইয়র্কবাসীকে নিজেদের মতামত প্রকাশের সুযোগ করে দেবে।’
তবে পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, এসআরজি বিলুপ্ত হলেও ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতিতে নিউইয়র্কবাসী পুলিশের কাছ থেকে আগের মতোই প্রতিক্রিয়া দেখতে পাবেন। তাঁর ভাষায়, ‘ভিড় নিয়ন্ত্রণের পরিস্থিতিতে এনওয়াইপিডি যেভাবে সাড়া দিয়ে থাকে, তাতে কোনো পরিবর্তন আসবে না।’
এসআরজির পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে মেয়রের কার্যালয় ‘প্যাট্রোল সাপোর্ট ডিভিশন’ গঠনের কথাও জানিয়েছে। এই ইউনিটে যাচাই-বাছাই করা পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। বিরল কিছু পরিস্থিতিতে বিক্ষোভকারীদের গ্রেপ্তারের জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এই আইনের মাধ্যমে মামদানির প্রশাসন যেসব পদ্ধতি বন্ধ করার উদ্যোগ নিয়েছে, তার অনেকগুলোই নিষিদ্ধ করা হবে। এর মধ্যে রয়েছে বিক্ষোভের সময় ‘কেটলিং’ পদ্ধতি, কাঁদানে গ্যাস এবং ব্যাপক জনতাকে নিয়ন্ত্রণে পিপার স্প্রে ব্যবহার। কেটলিং হলো এমন একটি পুলিশি কৌশল, যেখানে বিক্ষোভকারীদের চারদিক থেকে ঘিরে ফেলে নির্দিষ্ট একটি এলাকায় আটকে রাখা হয়।
এ ছাড়া পুলিশের দীর্ঘপাল্লার আগ্নেয়াস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। দীর্ঘপাল্লার শব্দ উৎপাদনকারী যন্ত্রের শব্দমাত্রা সর্বোচ্চ ৯০ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে। আইনটিতে জনসমক্ষে তথ্য প্রকাশের বাধ্যবাধকতাও রাখা হয়েছে। এর আওতায় এনওয়াইপিডিকে প্রতি তিন মাস অন্তর প্রতিবেদন প্রকাশ করতে হবে। কোন কোন স্থানে এবং কীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে, তা ওই প্রতিবেদনে উল্লেখ করতে হবে।
এসআরজি বিলুপ্তির ঘোষণা দিয়ে প্রকাশ করা এক ভিডিওতে মেয়র মামদানি ‘কার্ব অ্যাক্টের’ (CURB Act) প্রতিও সমর্থন জানিয়েছেন। আইনটির প্রস্তাব উত্থাপন ও প্রণয়ন করেছেন অ্যাসেম্বলিম্যান চি ওসে। কার্ব অ্যাক্টের পূর্ণরূপ ‘কমিউনিটিজ ইউনাইটেড টু রিজেক্ট পুলিশ ব্রুটালিটি।’ বিক্ষোভকারীদের বিরুদ্ধে এনওয়াইপিডির আগ্রাসী কৌশলের ব্যবহার সীমিত করে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে নিশ্চিত করা মতপ্রকাশ ও সমাবেশের অধিকার আরও শক্তিশালী করাই এই আইনের উদ্দেশ্য।
সোমবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র মামদানি বলেন, ‘নিউইয়র্কবাসী যখন তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিক্ষোভ করবেন, তখন তাঁদের সঙ্গে সন্ত্রাসী হুমকি মোকাবিলার মতো আচরণ করা উচিত নয়। আমরা একটি নতুন, বেসামরিক নেতৃত্বাধীন পদ্ধতি চালু করছি, যেখানে সংলাপ, পারস্পরিক সম্পৃক্ততা এবং উত্তেজনা প্রশমনকে অগ্রাধিকার দেওয়া হবে। সিটি কাউন্সিলের সদস্য চি ওসের উত্থাপিত কার্ব অ্যাক্টে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে, আমাদের এই সংস্কারের মাধ্যমে সেগুলো বাস্তবায়িত হবে। বিলটিকে সমর্থন করতে পেরে আমি গর্বিত। নিউইয়র্কবাসীর অধিকার রক্ষা করা এবং আমাদের কমিউনিটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা—দুটি বিষয় পরস্পরের পরিপূরক।’

দৈনিক টার্গেট 

























