জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিং করে বাংলাদেশ ৪০০ রান তুলেছিল। তাওহীদ হৃদয়ের ১৩৭ রানের পর লিটন দাসও করেছিলেন ১২০ রান। এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রানের বন্যা বইয়ে দিয়েছেন। মার্কোস অ্যাকারমান, রায়ান রিকেলটনের জোড়া সেঞ্চুরিতে ৫৫৭ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।
এরই মধ্যে বাংলাদেশ তাদের সবগুলো রিভিউ শেষ করে ফেলেছে। যার মধ্যে গত পরশু দ্বিতীয় দিনেই হাসান মাহমুদের এক ওভারে দুটি রিভিউ নষ্ট হয়েছে। আজ হাতে থাকা একটা রিভিউ নষ্ট করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ১১২তম ওভারের শেষ বলে রিকেলটনের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন মিরাজ। আম্পায়ার সাড়া দেননি। লিটন-মিরাজের সঙ্গে আলোচনা করে শান্ত একেবারে শেষ মুহূর্তে রিভিউ নিয়েছেন। রিভিউ নষ্ট হওয়ার আগেই রিকেলটন পূর্ণ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি।
সেঞ্চুরির পর অবশ্য স্কোর বড় করতে পারেননি রিকেলটন। ১১৪তম ওভারের প্রথম বলে মিরাজকে তুলে মারতে যান রিকেলটন। ক্ষিপ্রতার সঙ্গে স্টাম্পিং করে লিটন সাত ডিসমিসাল করে বিশ্ব রেকর্ডে ভাগ বসান। ১৬৫ বলে ১৩ চার ও ১ ছক্কায় তিনি করেন ১০২ রান। কিছুক্ষণ পর অষ্টম ডিসমিসাল করে রেকর্ডটা নিজের করে ফেলেছেন লিটন। যেখানে ১১৬তম ওভারের দ্বিতীয়, তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন রাবাদা। চতুর্থ বলে উইকেট ছেড়ে বেরিয়ে আসতে যান রাবাদা। সেই সুযোগে স্টাম্পিং করে বসেন লিটন। দ্রুত ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পরিণত হয় ১১৫.৪ ওভারে ৯ উইকেটে ৫১৩ রানে।

দৈনিক টার্গেট 


























