খুলনার কয়রা উপজেলা ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল ইভেন্টে উপজেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য। এই অর্জনের ধারাবাহিকতায় খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসান।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৫টায় কয়রা উপজেলা সদরের কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের হাতে জার্সি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ হাসান বলেন, বর্তমান প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। তিনি বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কয়রা উপজেলার ফুটবল দল খুলনা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে যে গৌরব অর্জন করেছে, তা পুরো এলাকার জন্য গর্বের বিষয়। এই সাফল্য ধরে রাখতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও আরও ভালো সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, আসাদুল হক, আনারুল ডাবলু, আওছাফুর রহমান ও যুবদল সদস্য লিটন মন্ডল। এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রনেতা আম্মার হোসেন, জিয়া প্রজন্মদল কয়রা উপজেলা আহ্বায়ক সিরাজুল, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন ও মুছাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দলের কোচ এস এম শফিকুল ইসলাম, টিম ম্যানেজার মেসবাহ উদ্দিন, কয়রা উপজেলা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ আলাউদ্দিন, কোচ এনামুল মাওলা নাহিদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও কৃতি ফুটবলার দিদারুল ইসলাম এবং ক্রীড়া শিক্ষক বি এম আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে খেলোয়াড়রা জানান, এমন সম্মাননা ও সহযোগিতা তাদের আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগাবে। তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে কয়রার প্রতিনিধিত্ব করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৩ মে খুলনা বিভাগীয় মহিলা কমপ্লেক্স মাঠে শুরু হওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” ফুটবল ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ৫ মে। ফাইনালে শক্তিশালী খুলনা খান জাহান আলী থানা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে কয়রা উপজেলা ফুটবল দল খুলনা জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। এই বিজয়ের মধ্য দিয়ে কয়রার ফুটবল অঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 


























