নারী বিগ ব্যাশে অদ্ভুতুড়ে এক নিয়মে গত রাতে আউট হয়েছেন মেলবোর্ন রেনেগেডসের ডিয়েন্ড্রা ডটিন। সেক্ষেত্রে দায়টা অবশ্য তাঁরই। কারণ, নিয়ম না মেনে দেরিতে ব্যাটিংয়ে আসায় পিচ থেকে দূরে দাঁড়াতে হয়েছে ডটিনকে। সেই সুযোগে বোল্ড করে দেন ব্রিসবেন হিটের লেগস্পিনার সারাহ গ্লেন। গতকাল থেকে সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল।
গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ডটিনের অদ্ভুতুড়ে আউট নিয়ে পোস্ট করেছেন জুনায়েদ। পাকিস্তানি বাঁহাতি পেসার লিখেছেন, ‘নারী বিগ ব্যাশে স্টাম্প লক্ষ্য করে ফ্রি বলের নিয়ম। নতুন ব্যাটারদের উইকেটে পৌঁছানোর জন্য ৭৫ সেকেন্ড সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তারা ক্রিজে পৌঁছাতে না পারলে, তাদের সরে দাঁড়াতে হবে এবং বোলার স্টাম্প লক্ষ্য করে একটি ফ্রি ডেলিভারি করার সুযোগ পাবেন। বোলার যদি সেই বলে স্টাম্পে আঘাত করতে পারেন, তাহলে ব্যাটার বোল্ড আউট হবেন।’
এবার দেখা যাক, মেলবোর্নের জাংশন ওভালে গতকাল কী হয়েছে। ব্রিসবেন হিটের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল মেলবোর্ন রেনেগেডস। ১৫ ওভারে ৪ উইকেটে ৯৭ রানে যখন পরিণত হয় রেনেগেডস, তখন ড্রেসিংরুম থেকে আসতে থাকেন ডটিন। কিন্তু নির্ধারিত ৭৫ সেকেন্ড পেরিয়ে যাওয়ায় তাঁকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ফ্রি বলের সুযোগে তখন গ্লেন ভেঙে দেন স্টাম্প। বল মোকাবিলা করার সুযোগ না পেয়েও গোল্ডেন ডাকে আউট হয়ে যান ডটিন।
ডটিন অদ্ভুতুড়ে আউটের শিকার হলেও তাঁর দল মেলবোর্ন রেনেগেডস জিতেছে। প্রথমে আগে ব্যাটিং করে ব্রিসবেন হিট করে ৮ উইকেটে ১৩৭ রান। একেবারে শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে মেলবোর্ন রেনেগেডস। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন সোফি মোলিনু। ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। ব্যাটিংয়ে ১৬ বলে করেছেন ১৮ রান।

দৈনিক টার্গেট 
























