ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে গতকালদুবাই ক্যাপিটালসের শুরুর একাদশে ছিল না মোস্তাফিজুর রহমান। কিন্তু দুবাই যখন বোলিং করল, তখন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে জায়গা করে নিলেন তিনি। সুযোগটা লুফে নিলেন দুহাত ভরে। পাওয়ারপ্লেতে যেমন উইকেট পেয়েছেন, তেমনি উইকেট তুলে নিয়েছেন ম্যাচের শেষ অংশেও। ওভারপ্রতি ৫-এর কম রান দিয়েছেন। একটা বাউন্ডারিও হজম করেননি।
মোস্তাফিজ গতকাল নিজের প্রথম ওভার করেছেন পাওয়ারপ্লেতেই। যেটা ছিল ডেজার্ট ভাইপার্সের ইনিংসের পঞ্চম ওভার। বাংলাদেশের বাঁহাতি পেসার দুবাই অধিনায়ক স্যাম বিলিংসের আস্থার প্রতিদান দিয়েছেন দারুণভাবে। মাত্র ৬ রান দিয়ে একটা উইকেট নিয়েছেন। যার মধ্যে ২ রান এসেছে ওয়াইড থেকে। তবে ডেজার্টের দুই ব্যাটার আন্দ্রিস গাউস ও ফখর জামান বেশ অস্বস্তিতে পড়েছেন মোস্তাফিজকে খেলতে। একের পর এক শর্ট বল দিতে দিতে মোস্তাফিজ সেই ওভারের শেষ বলটা দিলেন স্লোয়ার। বাংলাদেশের বাঁহাতি পেসারের অফস্টাম্পের বাইরের সেই স্লোয়ারে কাট করতে গিয়ে সোজা পয়েন্টে আয়ান খানের হাতে তুলে দিলেন ফখর জামান (১২)।
মোস্তাফিজকে এরপর বোলিং করানো হয় ডেথ ওভারে। সেখানেও তিনি দেখিয়েছেন তাঁর মুন্সিয়ানা। ডেজার্টের ইনিংসটা মুড়িয়ে দিয়েছেন তিনিই। ১৮তম ওভারের পঞ্চম বলে মুজিব উর রহমান অফস্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে ধরা পড়েন অধিনায়ক বিলিংসের হাতে। এই বিলিংস আবার দলটির উইকেটরক্ষকও। ১৬৫ রানের লক্ষ্যে নেমে ১৭.৫ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় ডেজার্ট। ২.৫-০১২-২—এটাই হয়ে রইল মোস্তাফিজের বোলিং।
দুবাইয়ের ৪৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন নুর আহমদ। ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট।

দৈনিক টার্গেট 


























