মামলার এজাহারে ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে। তিনি পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে মামলার ১০৪ নম্বর আসামি করা হয়েছে গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ওই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত সামসুল হকের ছেলে। ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে মোট ১১১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
মৃত ইউপি সদস্য ইদ্রিস আলীর ভাই স্কুলশিক্ষক বলেন, ‘একজন মৃত ব্যক্তি কীভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারেন? আমার ভাই তো ২০২৪ সালেই মারা গেছেন। ভাইকে হারানোর কষ্ট এমনিতেই রয়েছে। এখন এ ঘটনায় নতুন করে কষ্ট পেলাম।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, ‘মামলায় অনেক আসামি রয়েছেন। কীভাবে মৃত ব্যক্তিদের নাম এসেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনোভাবে হয়তো ভুল হয়েছে। ভুল হতেই পারে। তদন্ত করলে তাঁদের নাম এমনিতেই মামলা থেকে বাদ যাবে।’

দৈনিক টার্গেট 
























