প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের বড় জয় দিয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। শেষ ম্যাচে ৯৭ রানের জয়ে সিরিজ জিতে নেয় ইংলিশরা।
হোবার্টে সিরিজের তৃতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন টম ব্যান্টন ও বেন ডাকেট। ব্যান্টন ৩৫ বলে ৪৪ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন ডাকেট। জো রুটের সঙ্গে ৩৮ এবং হ্যারি ব্রুকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন তিনি।
এরপর উইল জ্যাকসের সঙ্গে ৫৬ রানের জুটিতে ইনিংস এগিয়ে নেন ডাকেট। ১১৫ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ১৫টি চার ও তিনটি ছক্কা। ডাকেট ফেরার পর জ্যাকস ৪৮ বলে ৫৯ এবং স্যাম কারান ১৬ বলে ১৯ রান করেন। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ৩২৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে জ্যাক এডওয়ার্ডস চারটি ও ম্যাট রেনশ তিনটি উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। মাত্র ৫ রানেই দুই ওপেনার ট্রাভিস হেড ৪ ও অধিনায়ক মিচেল মার্শ ১ ফিরে যান। জশ ইংলিসও করেন ১৪ রান। চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও অ্যালেক্স ক্যারি ৭৪ রানের জুটি গড়েন। রেনশ ৭০ বলে ৫৫ রান করেছেন। ক্যারি ৫৩ বলে করেন ৩৭ রান।
তবে তাঁদের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। কুপার কনোলি ২৯ ও জ্যাক এডওয়ার্ডস ৩১ রান করলেও ৪৬.৫ ওভারে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সনি বেকার ৪ উইকেট নিয়েছেন। লিয়াম ডসন পেয়েছেন ৩ উইকেট। ফলে ৯৭ রানের জয় নিয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

দৈনিক টার্গেট 


















