বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয় আজ ৫৬ বছরে পা রাখলেন। ১৯৭১ সালের ২৭ জুলাই মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন ‘জয়’।
জয়ের বাবা ছিলেন দেশের খ্যাতিমান পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া। শেখ হাসিনা ও ড. ওয়াজেদ মিয়া দম্পতির প্রথম সন্তান হিসেবে তিনি পারিবারিক ও রাজনৈতিক উভয় পরিচয়েই দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হওয়ার সময় জয় বাবা-মায়ের সঙ্গে বিদেশে অবস্থান করছিলেন। পরবর্তী সময়ে পরিবারের সঙ্গে ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। শৈশব ও কৈশোরের একটি বড় সময় তিনি ভারতে কাটান এবং নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেন।
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সজীব ওয়াজেদ জয়। সেখানে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
দীর্ঘ সময় রাজনীতির বাইরে থাকলেও ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ওই বছর রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ লাভের মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ ধারণা যুক্ত করার ক্ষেত্রে তার ভূমিকার কথা দলীয়ভাবে উল্লেখ করা হয়। এছাড়া ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাকে ‘গ্লোবাল লিডার’ হিসেবে মনোনীত করে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে জয়ের নাম বিভিন্ন আইনি আলোচনাতেও উঠে এসেছে। ২০২৪ সালের জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন রয়েছে। অভিযোগপত্র দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
রাজনৈতিক, প্রযুক্তি ও নীতিনির্ধারণী বিভিন্ন কর্মকাণ্ডে আলোচিত সজীব ওয়াজেদ জয় আজ ৫৬তম জন্মদিন উদযাপন করছেন। তার জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে শুভেচ্ছা ও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
দৈনিক টার্গেট 























