রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি দাবি করেন, রাজনৈতিক স্লোগানের পরিবর্তন হলেও মাঠের বাস্তবতায় সহিংসতা ও দখলদারির সংস্কৃতি এখনো বহাল রয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, অতীতে একটি রাজনৈতিক স্লোগানকে সামনে রেখে হামলা ও দমন-পীড়ন চালানো হতো, আর এখন ভিন্ন স্লোগানের আড়ালে একই ধরনের কর্মকাণ্ড ঘটছে। তার অভিযোগ, বিভিন্ন স্থানে নীরবে চাঁদাবাজি চলছে, কিন্তু জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। আগে প্রশাসন একটি দলের প্রভাবাধীন ছিল, বর্তমানে সেটি অন্য একটি রাজনৈতিক শক্তির নিয়ন্ত্রণে চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন-পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি আরও স্থিতিশীল হওয়ার আশা করা হলেও বাস্তবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে দাবি করেন এবি পার্টির চেয়ারম্যান।
সমাবেশে মঞ্জু বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও জনগণ কাঙ্ক্ষিত সুশাসন পায়নি। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কমার বদলে আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন খাত ও প্রশাসনের স্তরে দুর্নীতি এখনো সক্রিয় রয়েছে এবং এ বিষয়ে দলটি শিগগিরই একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করবে।
স্বাস্থ্য ও অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, সরকারের ঋণনির্ভরতা বাড়ছে এবং জনস্বাস্থ্য খাতে সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। হাম পরিস্থিতিতে শিশু মৃত্যুর ঘটনাও তিনি উল্লেখ করেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, বাজার ও স্থানীয় প্রশাসনে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি থানার ভেতরে সংঘটিত সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দৈনিক টার্গেট 
























