রাজধানীতে শিশু রামিসা হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, শুধুমাত্র গ্রেফতার করলেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এমন বিচার নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়। ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সমাজে নৈতিক শিক্ষা বিস্তারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, শিশু রামিসার হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছে। তিনি দাবি করেন, সামাজিক অবক্ষয় ও নৈতিকতার অভাবের কারণেই এ ধরনের অপরাধ বাড়ছে। মানুষের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত না হলে শুধু আইন প্রয়োগ করে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, বিরোধী দলগুলোর ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান হবে না। জামায়াতে ইসলামী কখনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরির রাজনীতি করে না বলে দাবি করেন তিনি। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের দুর্ঘটনা বা ব্যর্থতার ঘটনায় মন্ত্রীরা দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন। কিন্তু দেশে ভয়াবহ অপরাধ ঘটলেও সংশ্লিষ্টদের মধ্যে দায়বদ্ধতা দেখা যায় না। রামিসার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পল্টন ও বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, মোহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. আব্দুল মান্নান ও ইয়াসিন আরাফাতসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দৈনিক টার্গেট 


























