সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ ঘটনাকে দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি বর্তমান সরকার দায়বদ্ধ এবং কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে অনিয়ম করলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, সীমান্তে যেভাবে অবৈধ পুশ-ইনের ঘটনা ঘটছে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রীয় আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা গোপন পরিকল্পনা রয়েছে কিনা, তা নিয়েও সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিকে আরও সতর্ক ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এটি দেশবাসীকে ব্যথিত করেছে। এ দুর্ঘটনার পেছনে কোনো গাফিলতি, অবহেলা বা চিকিৎসা সংশ্লিষ্ট ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সঠিক তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশেও সতর্কবার্তা দিয়ে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে। ক্ষমতা বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থে কোনো অপকর্মে জড়ালে তাকে কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে।
দৈনিক টার্গেট 






















