ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, অতীতের মতো এবারও জনগণের পাশে থেকে জামায়াতের নেতাকর্মীরা বর্জ্য অপসারণে ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকায় রমনা সমাজকল্যাণ সোসাইটির আয়োজনে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বুলবুল বলেন, সিটি করপোরেশন প্রতি বছর নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নাগরিকরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। তাই জনদুর্ভোগ কমাতে জামায়াতে ইসলামীর কর্মীরা নিজ উদ্যোগে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। তিনি জানান, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা কোরবানির পশু জবাই, গোশত প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে দলীয়ভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে জামায়াতে ইসলামী সবসময় মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
বুলবুল বলেন, দলের আমির ডা. শফিকুর রহমান শহীদ পরিবারগুলোকে জামায়াতের পরিবারের অংশ হিসেবে বিবেচনা করার নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় নেতাকর্মীরা নিয়মিতভাবে তাদের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা করছেন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের আন্দোলন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, দেশের বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহত আন্দোলনকারীদের সহযোগিতায় দলীয় কার্যক্রম চলমান রয়েছে। তিনি দাবি করেন, কোরবানির পশু বিতরণ থেকে শুরু করে আর্থিক সহায়তাসহ নানা মানবিক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, কোরবানির মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও মানবতার চর্চা। তিনি নতুন বাংলাদেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলেন।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুস সাত্তার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি মো. আতিকুর রহমান এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
দৈনিক টার্গেট 























