বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাইকমিশনার ডেরেক লোহ। সোমবার সকালে রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক অগ্রগতি, শিল্প ও বাণিজ্য খাতের সম্ভাবনা এবং জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মাইকেল লি সাউথ ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডাইরেক্টর তাই দায়ে আর্ন উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপিও বৈঠকে অংশ নেন।
বৈঠকে ডেরেক লোহ বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা শেষে দুই পক্ষই দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডেরেক লোহ সিঙ্গাপুর সফরের জন্য ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান।

দৈনিক টার্গেট 


























