অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন। “আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?” শিরোনামের ওই পোস্টে তিনি দাবি করেন, দেশে বিভিন্ন সময় উগ্রবাদ, রাজনৈতিক আপস এবং গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার মধ্য দিয়েই আওয়ামী লীগের পুনরুত্থানের পথ তৈরি হয়েছে।
পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন, মাজারে হামলা, ভিন্নমতাবলম্বীদের দমন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নীরবতা এবং রাজনৈতিক সহিংসতাকে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে দেশে চরমপন্থী শক্তির জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গণতন্ত্র ও সংস্কারের পরিবর্তে রাজনৈতিক সমঝোতা এবং ক্ষমতার হিসাব-নিকাশকে প্রাধান্য দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বেড়েছে।
তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক চর্চার পরিবর্তে দলীয় প্রভাব ও সহিংসতার সংস্কৃতি জোরদার হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে আমলাতান্ত্রিক প্রভাব বাড়ার সমালোচনাও করেন তিনি। তার মতে, জনগণের প্রত্যাশিত সংস্কার কার্যক্রম ধীর হয়ে পড়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রবণতা বেড়েছে।
সাংস্কৃতিক অঙ্গন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মাহফুজ আলম। তিনি বলেন, দেশে বিভাজনমূলক ও প্রতিক্রিয়াশীল সংস্কৃতিকে উসকে দিয়ে মুক্তচিন্তা ও বহুমাত্রিক সাংস্কৃতিক ধারাকে দুর্বল করার চেষ্টা চলছে। এ অবস্থায় তিনি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
পোস্টের শেষাংশে তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় কার্যকর সংস্কারের দাবি জানান। কৃষক, শ্রমিক ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার চাপ কমাতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্যসেবা, আইন-শৃঙ্খলা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
মাহফুজ আলম মনে করেন, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় বিভাজনের রাজনীতি পরিহার করে গণতন্ত্র, জবাবদিহি ও বহুমাত্রিক সংস্কৃতির পক্ষে একটি বৃহত্তর সামাজিক ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

দৈনিক টার্গেট 


























