ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে আধুনিক নাগরিক সুবিধার আওতায় আনতে পৌরসভায় উন্নীত করার কার্যক্রম এগিয়ে চলছে। তিনি বলেন, আশুগঞ্জকে দ্রুত সময়ের মধ্যে এবং সরাইলকে আগামী এক থেকে দুই বছরের মধ্যে পৌরসভা হিসেবে ঘোষণা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
শনিবার দুপুরে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
রুমিন ফারহানা বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই দিতে চান তিনি। নির্বাচনের সময় মানুষ যে প্রত্যাশা নিয়ে তাকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আগামী পাঁচ বছর নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একজন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে কাজ করতে গেলে কিছু বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবুও তিনি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন এগিয়ে নিতে চান। রাজনৈতিক চাপের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ক্ষমতার প্রভাব প্রশাসনের কাজে বাধা সৃষ্টি করতে পারে, তবে তিনি সব পক্ষকে নিয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন।
স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে রুমিন ফারহানা বলেন, এলাকার উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সবাই মিলে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারলে সরাইলকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো এলাকার ভবিষ্যৎ।
সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এতে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক টার্গেট 


























