নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক বিধবা নারী চাঁদা দাবিকে কেন্দ্র করে নির্যাতন ও সম্পত্তিদখলের অভিযোগ তুলেছেন স্থানীয় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (১ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পারুল আক্তার নামে ওই নারী অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর থেকেই তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। তিনি জানান, জীবিত অবস্থায় তার স্বামী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের শান্তির হাট এলাকায় একটি মার্কেটসহ মোট ১৫৫ শতাংশ জমি তার ও সন্তানদের নামে লিখে দেন। পাশাপাশি সুবর্ণচর এলাকায় আরও প্রায় তিন একর জমিও তাদের নামে রেজিস্ট্রি করা হয়।
পারুল আক্তারের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় ছাত্রদল নেতা আজিজ আজমীর তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে, তার নেতৃত্বে কয়েক দফায় শারীরিক নির্যাতনের শিকার হন তিনি ও তার সন্তানরা।
তিনি আরও বলেন, এক পর্যায়ে শান্তির হাটের মার্কেটের সব দোকান জোরপূর্বক দখল করে নেওয়া হয়। এমনকি এক সময় তাদের পরিবারের সদস্যদের একটি কক্ষেআটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় কিছু ব্যক্তি এসে তাদের উদ্ধার করেন।
শুধু তাই নয়, সুবর্ণচরে থাকা কৃষিজমিও অভিযুক্ত ব্যক্তির লোকজনের মাধ্যমে দখল করা হয়েছে বলেদাবি করেন পারুল আক্তার। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানা, স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হলেও কোনো কার্যকর সমাধান পাননি। বরং উল্টো মিথ্যা মামলার মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান তিনি।
বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে পারুল আক্তার সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত আজিজ আজমীরের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

দৈনিক টার্গেট 
























