চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলে অংশ নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির নেতা ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
শনিবার আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, দেশের জনগণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জন্য দায়ী শক্তির পুনরুত্থান ঠেকাতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। দলের একজন কর্মীও জীবিত থাকা পর্যন্ত আওয়ামী লীগকে দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিকভাবে ফিরে আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে রাঙ্গুনিয়ার বাইরে থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হুমাম কাদের। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ স্থান বিএনপির জন্য আবেগ ও ইতিহাসের অংশ। দীর্ঘ কয়েক দশক ধরে দলের বিভিন্ন জাতীয় কর্মসূচির সূচনা এখানে দোয়া ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে হয়ে আসছে।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে এ মাজারে এসে কর্মসূচি পালন করাও অনেক সময় কঠিন হয়ে পড়েছিল। নানা বাধা, নজরদারি ও হামলার আশঙ্কার মধ্যেও নেতাকর্মীরা শহীদ জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতে পিছিয়ে যাননি। কখনও গভীর রাত, কখনও ভোরবেলা এসে কর্মসূচি সম্পন্ন করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বিগত সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার বিচার একদিন না একদিন নিশ্চিত করা হবে। আইনের আওতায় এনে দায়ীদের জবাবদিহির ব্যবস্থা করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরে শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানান। দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনর্গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান বিএনপির এই নেতা।
দৈনিক টার্গেট 
























