শুক্রবার রংপুরে জামায়াতের কর্মসূচি
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন। দিনব্যাপী এ সফরে তিনি দলীয় নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সুধীজনদের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের শুরুতে সকালে রংপুর মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত উপজেলা ও থানা আমিরদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমির। সেখানে সাংগঠনিক কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর তিনি রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ বৈঠকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর রংপুর মহানগর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে শিক্ষাঙ্গনের পরিবেশ, সাংগঠনিক কার্যক্রম এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
সফরের শেষ পর্বে বিকেল সাড়ে ৪টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং দলীয় নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
এ সফরে তার সঙ্গে থাকবেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় পর্যায়ের আমন্ত্রিত জাতীয় সংসদ সদস্যরা।
