শিগগিরই দেশে ফিরছেন মির্জা আব্বাস

রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন এই বিএনপি নেতা।

শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর Prince Court Medical Centre হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা আব্বাস।

তিনি জানান, বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় বর্তমানে তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন এবং সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

আফরোজা আব্বাস আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে এখন বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। প্রতিদিন সীমিত সময়ের জন্য হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে চলাফেরাও করছেন তিনি। এতে তার শারীরিক অবস্থার ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে বলে জানান চিকিৎসকরা।

এ সময় মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।