কৃষকের পাশে ছাত্রলীগ, শুরু আলোচনা
শরীয়তপুরের জাজিরায় কৃষকের পাকা ধান কেটে দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে ধানক্ষেতে স্লোগান দিতে দিতে এক কৃষকের ধান কাটায় অংশ নিচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ১০ থেকে ১২ জন যুবক মাঠে নেমে কৃষকের ধান কাটতে সহায়তা করেন। পরে সেই ধান মাথায় করে একটি নছিমন গাড়িতে তুলতেও দেখা যায় তাদের। পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের পক্ষেও স্লোগান দেওয়া হয়। ধান কাটার সময় উপস্থিত এক কৃষককে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধন্যবাদ জানাতেও দেখা গেছে।
ঘটনার বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। কোথায় এবং কারা এ কর্মকাণ্ডে অংশ নিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত করা গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরে ছাত্রলীগের অনেক নেতা-কর্মী আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর প্রকাশ্যে তাদের তেমন কোনো কর্মসূচি দেখা না গেলেও বিভিন্ন সময়ে ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও স্বল্প সময়ের কর্মসূচির অভিযোগ উঠেছে। এসব ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলাও হয়েছে বলে জানা গেছে।
ছাত্রলীগের এক স্থানীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, বর্তমানে তাদের সংগঠনের ওপর নানা চাপ রয়েছে। তারপরও তারা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
