কারিনা কায়সারকে হারিয়ে শোকাহত নাহিদ ইসলাম

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

শনিবার (১৬ মে) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি কারিনা কায়সারের অকাল মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনের সময়ের সহযোদ্ধা হিসেবে কারিনা কায়সার রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার ভাষায়, ওই সময় তিনি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থেকে সাংস্কৃতিক অঙ্গনে সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করেন, যা আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল।

নাহিদ ইসলাম আরও বলেন, গুরুতর লিভারজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কায়সার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক বড় শূন্যতা তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পরিবারটি এই শোক সহ্য করার শক্তি পায়।

কারিনা কায়সারের মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।