নাম দেখেই বোঝা যায়, আওয়ামী লীগের যে কর্মী-সমর্থকেরা দেশ ছেড়ে পালিয়ে যাননি, তাঁদের জন্য এই সংগঠন। অনেকে মনে করেন, আওয়ামী লীগ অনেক বড় একটা সংগঠন। এর শিকড় সমাজের অনেক গভীর পর্যন্ত বিস্তৃত। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকের তুলনায় পালিয়ে যাওয়া নেতাদের সংখ্যা খুবই কম। শতাংশের হিসাবে ভগ্নাংশের মধ্যেই সীমাবদ্ধ। তাই দেশে থাকা, যাকে ওই ভদ্রলোক ‘নন-পলাতক’ বলছেন, আওয়ামী লীগারদের নেতা উনি কীভাবে হন? তা ছাড়া উনি তো আরও চার বছর আগেই দল থেকে বহিষ্কৃত!
গুরুত্ব আপনি যত কমই দেন না কেন, বাস্তবতা হচ্ছে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ নামে উনি এখন দেশজোড়া পরিচিতি পেয়েছেন। সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে, কিন্তু ‘আওয়ামী লীগ’-এর আগে ‘নন-পলাতক’ লাগিয়ে নিলে সম্ভবত আর কোনো সমস্যা থাকবে না! থাকছে যে না, এটা বোঝা গেল সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে। তাঁর ফাতরামিতে উত্ত্যক্ত হয়ে কিছু লোক যখন তাঁর বাড়িতে চড়াও হলো, তিনি প্রশাসনকে জানালেন, পুলিশ এসে তাঁকে উদ্ধার করল। থানায় নিল, নিরাপত্তা দিল, তারপর আদালত তাঁকে ছেড়েও দিলেন। ছাড়া পেয়েই তিনি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি। সেই সঙ্গে এটাও জানালেন, তারেক রহমান খুবই দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছেন। ঠিক এই জায়গাটিতেই একটা ভুল হয়ে গেল, উনি যেন বুঝিয়ে দিলেন—উনি আসলে কী উদ্দেশ্যে কী করছেন।
সেদিন এক পরিচিত ব্যবসায়ীর সঙ্গে দেখা। তিনি অনেক দিন ধরেই নতুন একটা ব্যবসায়িক উদ্যোগের কথা ভাবছিলেন। জানতে চাইলাম, সেই উদ্যোগের কতটুকু কী অগ্রসর হলো। তিনি জানালেন, এখন একটু ধীরে যাচ্ছেন। বললেন, ডিসেম্বরটা দেখি। তারপর সিদ্ধান্ত নেব।
এ রকম অনেকেই ডিসেম্বরটা দেখার জন্য অপেক্ষা করছেন। সরকার এবং সরকারের লোকজন নানাভাবে বারবার বলার চেষ্টা করছেন—কিছুই হবে না ডিসেম্বরে, শেখ হাসিনা ফিরবেন না, ফিরতে পারবেন না। কিন্তু সরকারের এসব কথা সাধারণ মানুষের মধ্যে কোনো স্বস্তি দিচ্ছে না। শেখ হাসিনা আদৌ ফিরতে পারবেন কি না, তিনি ফিরলে দেশের ভালো হবে নাকি মন্দ হবে, তা নিয়ে মানুষ যতটুকু ভাবছে, তার চেয়ে বেশি ভাবছে তারা সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এরই মধ্যে তার কিছু নমুনা দেখা যাচ্ছে। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জাতীয় সংসদে নানা পরিসংখ্যান দিয়ে দাবি করেছেন—আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে! কিন্তু মানুষ তাঁর কথার ওপর বিশ্বাস রাখছে বলে মনে হয় না। চাঁদাবাজি, সন্ত্রাস, গুলি, ভাঙচুর, অগ্নিসংযোগ প্রতিদিনই হচ্ছে। আর যেখানেই যা কিছু ঘটছে, সরকার কিংবা জামায়াত-এনসিপি মুখস্থের মতো দায় চাপাচ্ছে ‘পতিত ও পলাতক ফ্যাসিস্ট’-এর ওপর। পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন, তারও দায় গিয়ে পড়ছে আওয়ামী লীগের ওপর। এভাবে সবকিছুর দায় যদি কার্যক্রম নিষিদ্ধ একটা রাজনৈতিক দলের ওপর দেওয়া হয়, তাতে যে সেই দলটির ব্যাপ্তি ও গুরুত্ব বেড়ে যায়, দলটিকে গলা টিপে ধরে রাখার যৌক্তিকতা কমে যায়, সেটা কি সরকারের কর্তাব্যক্তিরা উপলব্ধি করেন?
আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধের পক্ষে নই। আমার মতে, রাজনৈতিক মতাদর্শকে নিষিদ্ধ করা যায় না। কে কোন মতকে সমর্থন করবে, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেটা সরকার ঠিক করে দিতে পারে না। জনগণ যদি গ্রহণ না করে, প্রত্যাখ্যান করে, তাহলে সেই দল বা মতবাদ এমনিতেই হারিয়ে যাবে। আর বিপরীত দিকে সরকার যখন নির্বাহী আদেশে দলকে দমন করতে চায়, তার ফল প্রায়ই উল্টো হয়ে যায়। আওয়ামী লীগ তার শাসনামলে জামায়াত ও বিএনপিকে দমনের কম চেষ্টা করেনি। কাজ হয়নি। এবারও হবে বলে আমার মনে হয় না।

দৈনিক টার্গেট 



















