শনিবার (১৪ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটি জানায়, প্রস্তাবিত আইনে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশের জন্য সর্বোচ্চ ১০ বছর এবং অনলাইনে মানহানির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের ফৌজদারি দায় বাড়ানো এবং দোষী সাব্যস্ত হলে প্রতিষ্ঠান বন্ধের সুযোগ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলা পর্যালোচনা করেছে সিজিএস ও সিএফজের ট্রায়ালওয়াচ কর্মসূচি। এসব মামলায় ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়েছিল। মামলাগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগেই আটক রাখা হয়। বেশির ভাগ মামলার বিচারও শুরু হয়নি।
সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলার মধ্যে মাত্র একটিতে দণ্ডাদেশ হয়েছে। অথচ প্রায় ৪০০ সাংবাদিককে ফৌজদারি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। নতুন সংশোধনীতে পুরোনো আইনের বিতর্কিত বিধান ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি হয়েছে।
যৌথ চিঠিতে প্রতিষ্ঠান দুটি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য কারাদণ্ডের বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের গ্রেপ্তার ও তাঁদের ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেওয়াসহ বিশেষ সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের সিনিয়র আইনজীবী মানেকা খান্না বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশ ও সমালোচনার জন্য সাংবাদিকদের ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়। আইনকে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের অধিকার রক্ষা করতে হবে।

দৈনিক টার্গেট 

























