আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালু করণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। সভায় তিনি বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলক পরিচালনা (ট্রায়াল অপারেশন) এবং সংশ্লিষ্ট চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব কাজের অগ্রগতি ও বাকি প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিরা মতবিনিময় করেন।
মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেবিচক, মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

দৈনিক টার্গেট 


























