সরকারি চাকরিজীবীদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়।
৩০ জুলাই ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুয়ায়ী জানানো হয়েছে, এখন থেকে টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর গ্রেডপ্রাপ্ত কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে গ্রেড নির্ধারণে ‘টাইমস্কেল/সিলেকশন গ্রেড’ এর পরিবর্তে সংশ্লিষ্ট পদে প্রাপ্ত ‘Substantive grade’ ব্যবহার করতে হবে।

অর্থ বিভাগের ০৩/০৬/২০২৫ তারিখের স্মারক নং ১৪৭ এবং ২৩/০৬/২০২৫ তারিখের স্মারক নং ১৬৫ এর প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলী বিন হাসান স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য ‘বিশেষ সুবিধা’ প্রদান প্রক্রিয়ায় এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পূর্বের নিয়ম অনুসারে টাইমস্কেল বা সিলেকশন গ্রেডে পাওয়া গ্রেড আর বিবেচনায় নেওয়া যাবে না।
এ নির্দেশনার ফলে সরকারি দপ্তরসমূহে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্ত সুবিধা নির্ধারণে স্বচ্ছতা ও একরূপতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক সময় বিভিন্ন কর্মকর্তা টাইমস্কেল বা সিলেকশন গ্রেড পাওয়ার মাধ্যমে উচ্চতর সুবিধা গ্রহণ করে থাকতেন, যা কখনও কখনও বিতর্কের জন্ম দিত। বর্তমান সিদ্ধান্ত সেই ধরনের অস্পষ্টতা দূর করবে এবং প্রকৃত পদ অনুযায়ী প্রাপ্ত গ্রেডকেই ভিত্তি হিসেবে ধরার বিষয়টি নিশ্চিত করবে।
সরকারি কর্মচারীদের জন্য প্রণোদনা বা ভাতা নির্ধারণ, বিদেশ সফর, প্রশিক্ষণ এবং পদোন্নতির ক্ষেত্রে ‘Substantive grade’ ব্যবহারের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক সুশাসন প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই নির্দেশনার মাধ্যমে জাতীয় রাজস্বের সঠিক ব্যবহার এবং মেধা ও অভিজ্ঞতার ভিত্তিতে সরকারি সুবিধা প্রাপ্তির বিষয়টি আরও সুসংহত হবে।
অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সব দপ্তরকে যথাযথভাবে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শ গ্রহণ করতে বলা হয়েছে।
এই প্রজ্ঞাপন সরকারি প্রশাসনের একটি যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট মহলের মত।
দৈনিক টার্গেট 























