রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার পর প্রধান রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ভিপি (সহ-সভাপতি) এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে চারটি হলেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। অপরদিকে, ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল কোনো হলে এ দুই পদে জয় অর্জন করতে পারেনি।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, মুন্নুজান হল, তাপসী রাবেয়া হল, রোকেয়া হল ও খাদেলা জিয়া হলে ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন মোট ২,৬৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নুর উদ্দীন আবীর পেয়েছেন ৭২০ ভোট।
অন্যদিকে, ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ২,২৬২ ভোট, যেখানে শিবির-সমর্থিত প্রার্থী ফাহিম রেজা পেয়েছেন ১,৪২১ ভোট।
এছাড়া, এজিএস পদে শিবির সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ১,৪২২ ভোট, আর ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৮৬৭ ভোট।
প্রধান রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। রাতভর গণনা শেষে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে।
রাকসুর এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর এই নির্বাচনের আয়োজন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

দৈনিক টার্গেট 
























